“নিরাপদ সমাজ গঠনে এগিয়ে আসুন—চুপ না থেকে জানান। আপনার দেওয়া তথ্যে বদলে যাবে শহর।”
এই স্লোগান সামনে রেখে খুলনা মহানগরীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তথ্য বাক্স স্থাপন কার্যক্রম শুরু করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
নগরীতে অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ জানায়, অধিকাংশ সময় সাধারণ মানুষ বিভিন্ন অপরাধ, অপরাধী বা সন্দেহজনক কার্যকলাপের তথ্য পুলিশকে জানাতে সংকোচ বোধ করেন। এই বাস্তবতা বিবেচনায় অভিযোগ বা তথ্য গোপনে জানানোর সুবিধা দিতে তথ্য বাক্স স্থাপন করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, শুধুমাত্র পুলিশের একার পক্ষে মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। তাই নগরীর অপরাধ, অপরাধী বা অপরাধস্থল সম্পর্কিত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
এছাড়া অপরাধসংক্রান্ত তথ্য প্রদানকারীর নাম-পরিচয় উল্লেখ বাধ্যতামূলক নয়, যা তথ্যদাতাদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করবে।
তথ্য বাক্স স্থাপন কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার), ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় এছাড়াও কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দেশের তথ্য ডেস্ক 





















