গোপালগঞ্জ প্রতিনিধি
দীর্ঘ ৩৭ বছরের বর্ণাঢ্য ও সাফল্যমণ্ডিত পুলিশি জীবনের ইতি টেনে অবসরে গেলেন টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছবির উদ্দিন শিকদার। সোমবার (২৯ জুন) দুপুরে টুঙ্গিপাড়া থানা প্রাঙ্গণে সহকর্মীদের ভালোবাসা, সম্মান ও আন্তরিক শ্রদ্ধায় তাকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
মো. ছবির উদ্দিন শিকদার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কেডি গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি মরহুম সাদেক আলী শিকদারের তৃতীয় সন্তান। ছয় ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়।
তিনি ১২ মে ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে উপ-পুলিশ পরিদর্শক (এসআই), নবম গ্রেড পদ থেকে ২৯ জুন ২০২৬ তারিখে অবসরে যান।
গত ২৩ আগস্ট ২০২৫ সালে তিনি টুঙ্গিপাড়া থানায় যোগদান করেন। টানা ১০ মাস ৬ দিন কর্মরত থেকে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সেবার মাধ্যমে সহকর্মী ও সাধারণ মানুষের শ্রদ্ধা অর্জন করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার গাজী হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। এ সময় থানার সকল পুলিশ সদস্য, বিদায়ী কর্মকর্তার আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়া অনুষ্ঠানে সহকর্মীরা ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভকামনা জানিয়ে প্রিয় সহকর্মীকে বিদায় জানান। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আবেগঘন পরিবেশ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার গাজী হুমায়ুন কবির বলেন, “এসআই ছবির উদ্দিন শিকদার দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশের জন্য একজন আদর্শ কর্মকর্তা। তার অবসর-পরবর্তী জীবন সুস্বাস্থ্য, সুখ ও শান্তিতে ভরে উঠুক।”
সভাপতির বক্তব্যে ওসি আইয়ুব আলী বলেন, “ছবির উদ্দিন শিকদার একজন সৎ, দায়িত্বশীল ও কর্মনিষ্ঠ পুলিশ কর্মকর্তা ছিলেন। তার কর্মদক্ষতা, শৃঙ্খলা ও মানবিক আচরণ সহকর্মীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।”
বিদায়ী এসআই মো. ছবির উদ্দিন শিকদার আবেগাপ্লুত কণ্ঠে দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন। সহকর্মীদের ভালোবাসা, সহযোগিতা ও সম্মানের জন্য তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যের একপর্যায়ে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়লে উপস্থিত অনেকের চোখেও জল চলে আসে।
অনুষ্ঠান শেষে এক ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে তাকে শেষ কর্মস্থল থেকে বিদায় জানানো হয়। টুঙ্গিপাড়া থানার ওসির সরকারি গাড়িটি ফুল দিয়ে সুসজ্জিত করা হয় এবং সহকর্মীরা ভালোবাসা ও শুভেচ্ছায় তাকে সেই গাড়িতে করে নিজ বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কেডি গোপালপুর গ্রামে পৌঁছে দেন।
দেশের তথ্য ডেস্ক 

















