রাজধানীর মোহাম্মদপুরে এক সাংবাদিককে চাপাতি দিয়ে আহত করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়ার ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১১টায় মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়ের পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে ভুক্তভোগী সাংবাদিক তার স্ত্রীকে সঙ্গে নিয়ে রিকশায় যাচ্ছিলেন। ওই সময় চাপাতি হাতে তিন ছিনতাইকারী তাদের গতিরোধ করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং হামলায় সাংবাদিক আহত হন।
ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় অভিযোগ করলে, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই জড়িত তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- ইউসুফ (২৬), সিয়াম (২৩) এবং জহুরুল (২২)।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার ইউসুফ মূল ছিনতাইকারী। তার হেফাজত থেকেই ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।
দেশের তথ্য ডেস্ক 















