বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর থানাধীন সিএন্ডবি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে সিএন্ডবি বাজারস্থ বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন মৎস্য আড়তের সামনে অভিযান চালানো হয়। এসময় কাটাখালি-বাগেরহাট পাকা সড়কের পাশ থেকে দুইজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: ১. শারমিন আক্তার (২০), পিতা- মৃত মোজাম্মেল হক ভূঁইয়া। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ফুলতলী গ্রামের বাসিন্দা। ২. সৈয়দ জিন্নাহ কবির (২৭), পিতা- মৃত সৈয়দ সুজা মিয়া। তিনি বাগেরহাট সদর উপজেলার কররী গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের তথ্য ডেস্ক 














