রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি (CKD) হাসপাতালে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির মামলায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব-৬। আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া থানাধীন দাদনতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মঈন উদ্দিন মো. মফিজুর রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মঈন উদ্দিনসহ অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বাদীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল সকালে অভিযুক্তরা বাদীর শ্যামলীর বাসায় গিয়ে চাঁদার টাকা দাবি করেন। এসময় বাদী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদান করেন।
এ ঘটনায় সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিলেন।
র্যাব-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্প) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এই চাঞ্চল্যকর মামলার এক নম্বর পলাতক আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর শেরেবাংলা নগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
দেশের তথ্য ডেস্ক 














