বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের মোগলটুলা ও চানমনি পাড়া গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগেও মোগলটুলা ও চানমনি পাড়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এ নিয়ে একে অপরের প্রতি ক্ষিপ্ত ছিল দুপক্ষ। বুধবার রাত সাড়ে ৭টার দিকে চানমনি পাড়া গ্রামের হেলাল মিয়ার স্ত্রী হালিমা বেগম তার ছেলে সাইফুলকে নিয়ে একটি রাইস মিলে ধান ভাঙাতে যান। মোঘলঠোলা গ্রামের তৌহিদ মিয়া নামে এক যুবক হালিমা বেগমকে কটূক্তি করে।
হালিমার ছেলে সাইফুল ইসলাম প্রতিবাদ করলে এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষ থামাতে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন ও সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান ঘটনাস্থলে যান এবং সেখানে দুজনই আহত হন।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন বলেন, ঝগড়ার খবর শুনে থামানোর জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। কথায় কথায় সংঘর্ষের সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।
দেশের তথ্য ডেস্ক 















