কর্মী-সমর্থকরা নেচে-গেয়ে জয় উদযাপন করেন। তাদের সঙ্গে যোগ দেন নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তাকে গানের তালে নাচ করতে দেখা যায়। এ সময় দলের টি-শার্ট পরা ছিলেন কার্নি।
রয়টার্স কার্নির নাচের ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যায়, হাস্যোজ্জ্বল কার্নি আনন্দে মাতোয়ারা। তিনি নেচে জয় উদযাপন করছেন। সমর্থকদের একটি দল তার চারপাশ ঘিরে উৎসাহ দিচ্ছেন।
৬০ বছর বয়সী মার্ক কার্নি গত মাসে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়ে লিবারেল পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ট্রুডো জানুয়ারিতে প্রায় এক দশক ক্ষমতায় থাকার পর জনপ্রিয়তা হারিয়ে পদত্যাগ করেন। কার্নি প্রথম ব্যক্তি যিনি আইনপ্রণেতা না হয়ে বা মন্ত্রিসভার কোনো অভিজ্ঞতা ছাড়াই কানাডার প্রধানমন্ত্রী হয়েছেন।
কার্নির জন্ম ১৯৬৫ সালে কানাডার উত্তর-পশ্চিম টেরিটরিজের ফোর্ট স্মিথে এবং তিনি আলবার্টায় বেড়ে ওঠেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং অক্সফোর্ড থেকে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যাংক অব কানাডা (২০০৮-২০১৩) এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর (২০১৩-২০২০) হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা তাকে আর্থিক সংকট মোকাবিলায় দক্ষ নেতা হিসেবে পরিচিত করেছে।
দেশের তথ্য ডেস্ক 















