চলতি বছর পবিত্র হজ্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত সৌদি আরবে মোট ১০ জন বাংলাদেশি হজ্বযাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ্ব ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (৬ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মারা যাওয়া ১০ জন হজ্বযাত্রীর মধ্যে আটজন পুরুষ এবং দু’জন নারী। তাদের মধ্যে মক্কায় আটজন এবং মদিনায় দু’জন মৃত্যুবরণ করেছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মোট ১২২টি হজ ফ্লাইটে ৪৭ হাজার ৮৫২ জন বাংলাদেশি হজ্বযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৩ হাজার ৭৮১ জন জন হজ্বযাত্রী রয়েছেন। পরিবহনকারী এয়ারলাইন্সগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৬টি, সৌদি এয়ারলাইন্স ৪৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ্ব কার্যক্রমের উদ্বোধন করেন। আগামী ৩১ মে পর্যন্ত হজ্বযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ্ব পালন করবেন। হজ্ব শেষে আগামী ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হজ্বযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
দেশের তথ্য ডেস্ক 























