রোববার (২৭ এপ্রিল) রাতে উপজেলা প্রশাসন প্রতিষ্ঠানটিতে পরিদর্শনে গেলে ভুয়া নিবাসীর বিষয়ে সত্যতা পান।
পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম জানান, অভিযোগ এবং নিয়মিত তদারকির অংশ হিসেবে রোববার রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের গোগর পাটুয়াপাড়া হাফিজিয়া এতিমখানা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। এ সময় ২৬ নিবাসীকে এতিমখানায় উপস্থিত পান। যাদের অনেকেই এতিম নয়। পরে তাদের খাতাপত্র যাচাই করে দেখতে পান ওই এতিমখানায় কাগজে কলমে ১৭০ নিবাসী রয়েছে।
তিনি জানান, এর মধ্যে ৬২ শিক্ষার্থী সরকারি ক্যাপিটেশন অনুদান ভোগ করছে। অথচ ৬২ এতিম ও অসহায় শিক্ষার্থী সরকারি ক্যাপিটেশন সুবিধা পেতে হলে প্রতিষ্ঠানটিতে ১২৪ এতিম অসহায় নিবাসী থাকার কথা। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ভুয়া এতিম ও আসহায় নিবাসী দেখিয়ে সরকারি অর্থ লোপাট করা হচ্ছে এমন অভিযোগ ছিল তাদের কাছে। পরিদর্শনে গিয়ে তারা এর সত্যতা পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার তাকে নির্দেশনা দিয়েছেন।
এতিমখানার সভাপতি ও উপজেলা বিএনপি নেতা মঈনুল হোসেন সোহাগ জানান, শিক্ষার্থীর সংখ্যার বিষয়ে আমার জানা নেই। আমি এতিমখানার তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলে জানাব।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান জানান, সমাজসেবা কর্মকর্তার সঙ্গে তিনি ওই এতিমখান পরিদর্শনে যান। এ সময় প্রতিষ্ঠানটির দাপ্তরিক নিবাসীর সঙ্গে বাস্তবতার অনেক পার্থক্য দেখতে পান। এ সময় তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
এতিমখানার লোকজন বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বলেও জানান তিনি।
দেশের তথ্য ডেস্ক 















