খুলনা মহানগরীর কুখ্যাত ও বিতর্কিত অপরাধী চক্র “বি-কোম্পানি”র অন্যতম অস্ত্রধারী সন্ত্রাসী বিল্লাল সিপাই ওরফে বিল্লু (২৬) এবং তার প্রধান সহযোগী রবিউল ইসলাম রনি ওরফে হৃদয় (২১)-কে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলিসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (১৪ই জুন) রোববার বিকেল সাড়ে ৫ টায় র্যাব- ৬, সিপিসি-স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ১নং আসামি বিল্লাল সিপাই ওরফে বিল্লু আড়ংঘাটা থানার রায়েরমহল (মুন্সিপাড়া) এলাকার মৃত হারুন সেপাইয়ের ছেলে এবং ২নং আসামি রবিউল ইসলাম রনি ওরফে হৃদয় একই এলাকার টুটুল সরদারের ছেলে।
র্যাব-০৬ জানায়, নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আড়ংঘাটা থানাধীন ১৪নং ওয়ার্ডের রায়েরমহল মুন্সিপাড়া এলাকায় সরদার ইউসুফ আলীর সেমিপাকা বসতবাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ির ভাড়াটিয়া কুখ্যাত সন্ত্রাসী বিল্লুর শয়ন কক্ষে অভিযান চালিয়ে সহযোগী রনিসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ব্যাপক তল্লাশি চালিয়ে বিল্লুর শয়ন কক্ষের কার্নিশ থেকে অত্যন্ত চতুরতার সাথে লুকিয়ে রাখা ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন এবং ০৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
ধৃত আসামিদের অপরাধের রেকর্ড (পিসি-পিআর) বিশ্লেষণ করে র্যাব জানায়, গ্রেফতারকৃত বিল্লাল সিপাই ওরফে বিল্লু খুলনার অপরাধ জগতের এক মূর্তিমান আতঙ্ক। তার বিরুদ্ধে খুলনা মহানগরীর আড়ংঘাটা ও হরিণটানা থানায় অস্ত্র আইন, চুরিসহ মারধর ও নৃশংস হত্যার চেষ্টা মামলাসহ মোট ৪টি মামলা বিচারাধীন রয়েছে। সে দীর্ঘদিন ধরে “বি-কোম্পানি”র ব্যানারে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও অস্ত্র মহড়া দিয়ে আসছিল।
গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ধৃত দুই আসামির বিরুদ্ধে আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে একটি নতুন নিয়মিত মামলা রুজু করা হয়েছে। একই সাথে উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও গুলিসহ আসামিদের আড়ংঘাটা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে।
দেশের তথ্য ডেস্ক 



















