ভোলা প্রতিনিধি :
সমুদ্রে মাছের প্রজনন ও মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের আরোপিত টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও বঙ্গোপসাগরে মাছ শিকারে নেমেছেন ভোলার জেলেরা।
বৃহস্পতিবার (১১ জুন) রাত ১২টার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় জেলে পল্লীগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য ও স্বস্তি।
দীর্ঘদিন কর্মহীন থাকার পর জেলেরা ট্রলার ও জাল মেরামত করে নতুন উদ্যমে সাগরে পাড়ি জমিয়েছেন। তাদের প্রত্যাশা, জালে পর্যাপ্ত মাছ ধরা পড়লে ঘাটে জমে উঠবে কেনাবেচা এবং স্থানীয় আড়তগুলোতেও ফিরবে প্রাণচাঞ্চল্য।
জেলেরা জানান, নিষেধাজ্ঞার পুরো সময় তারা সরকারি নির্দেশনা মেনে মাছ ধরা থেকে বিরত ছিলেন। এখন ধারদেনা করে জাল-নৌকা প্রস্তুত করে সাগরে গেছেন। ভালো মাছ ধরা পড়লে আর্থিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে বলে তারা আশা করছেন।
তবে আনন্দের পাশাপাশি রয়েছে উদ্বেগও। সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে ট্রলার পরিচালনার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে মাছ ধরার খরচ আগের তুলনায় অনেক বেশি হবে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা।
জানা গেছে, ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই ৫৮ দিনের নিষেধাজ্ঞা ৪২০ প্রজাতির সামুদ্রিক মাছের প্রজনন, বংশবৃদ্ধি ও সংরক্ষণের লক্ষ্যে কার্যকর করা হয়েছিল।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, সাগরে মাছ ধরায় এখন আর কোনো বাধা নেই। আমাদের অভিযান সফল হয়েছে। আশা করছি, পর্যাপ্ত মাছ আহরণ হলে জেলেদের আর্থিক সংকট অনেকটাই দূর হবে।
দেশের তথ্য ডেস্ক 



















