এনজিওর নামে অভিনব প্রতারণা, উধাও নির্বাহী পরিচালক
খুলনার পাইকগাছায় ‘হেলথ এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি’ বা ‘ঢেউ’ নামের একটি এনজিওর বিরুদ্ধে উঠেছে ভয়াবহ প্রতারণার অভিযোগ। কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক। আর পথে বসার উপক্রম হয়েছে তিন শতাধিক পরিবার।
ভুক্তভোগীদের অভিযোগ, ২০০৬ সালে দেলুটি ইউনিয়নের দারুন মল্লিক গ্রামের সুকান্তি সরকার এই প্রতিষ্ঠান গড়ে তোলেন।
জনকল্যাণের কথা বললেও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সব পদে ছিলেন তার পরিবারের সদস্যরা। সভাপতি ভাই অবন্তি সরকার, সহ-সভাপতি স্ত্রী পুষ্প রানী সরকার, ক্যাশিয়ার ভাগ্নে মধুসূদন এবং সাংগঠনিক সম্পাদক নিজের বোন বনানী সরকার।
অভিযোগ রয়েছে, এই পারিবারিক সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে ডিপিএস ও এফডিআরের নামে কোটি কোটি টাকা সংগ্রহ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, আমানতকারীদের টাকায় গড়ে উঠেছে সুকান্তি সরকারের বিলাসবহুল দুই তলা ভবন। যেটি এখন প্রতারণার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মানুষের কষ্টার্জিত অর্থ দিয়ে নির্মিত এই ভবনের প্রতিটি ইট যেন আজ শত শত পরিবারের দীর্ঘশ্বাস বহন করছে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন অরবিন্দ মুখার্জি, দীপক রায়, মিলন গোলদার, শিউলি গোলদারসহ অসংখ্য নারী-পুরুষ। কারও সারা জীবনের সঞ্চয়, কারও চিকিৎসার টাকা, আবার কারও মেয়ের বিয়ের জন্য জমানো অর্থ আটকে আছে এই প্রতিষ্ঠানে।
ভুক্তভোগীদের অভিযোগ, টাকা ফেরতের চাপ বাড়তেই আত্মগোপনে চলে যান নির্বাহী পরিচালক সুকান্তি সরকার। এমনকি ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছে বলে দাবি তাদের।
শনিবার সকালে প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্তরা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর আন্দোলনে যাবেন তারা।
এদিকে প্রতিষ্ঠানের সভাপতি অবন্তি সরকার মুঠোফোনে বলেন, তিনি অসুস্থ। পাশাপাশি তিনি অনুরোধ করেন, বিষয়টি প্রকাশের ক্ষেত্রে যেন তার ও পরিবারের কোনো ক্ষতি না হয়।
একদিকে শত শত পরিবারের কান্না, অন্যদিকে কোটি টাকার হিসাবহীন লেনদেন। প্রশ্ন উঠছে—কীভাবে বছরের পর বছর এমন একটি প্রতিষ্ঠান সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করল? কোথায় ছিল তদারকি?
এখন ভুক্তভোগীদের একটাই দাবি—সুকান্তি সরকারসহ অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে তাদের কষ্টার্জিত অর্থ ফেরতের ব্যবস্থা করা হোক।
দেশের তথ্য ডেস্ক 



















