এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎ করে পলাতক মূলহোতা সাতক্ষীরায় র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার।
এনজিও গ্রাহকদের সঞ্চয় ও ক্ষুদ্র ঋণের আট লক্ষাধিক টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (৩ জুন) র্যাব-৬ এবং র্যাব-৮ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মাহবুবার রহমান (৩৬)। তিনি সাতক্ষীরা জেলার সদর থানাধীন মাহমুদপুর (ভাডুখালী) এলাকার মোঃ আলী মোড়লের ছেলে। র্যাব জানিয়েছে, মাহবুবার রহমান ঝিনাইদহ সদর থানার একটি নিয়মিত প্রতারণা মামলার প্রধান এজাহারনামীয় আসামি।
র্যাব সূত্রে জানা যায়, মামলার বাদী এবং গ্রেফতারকৃত মাহবুবার রহমানসহ অন্যান্য অভিযুক্তরা ‘ডিএফইডি’ নামক একটি এনজিওতে কর্মরত ছিলেন। গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে অভিযুক্তরা উক্ত প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণের কিস্তির টাকা আদায়ের উদ্দেশ্যে বের হন। কিন্তু এরপর তারা আর অফিসে ফিরে আসেননি।
পরবর্তীতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে খোঁজ নিয়ে জানা যায়, মাহবুবার ও তার চক্রের সদস্যরা ৮৮ জন ক্ষুদ্র ঋণ গ্রাহকের মোট ৮,৬২,০২৬/- (আট লাখ বাষট্টি হাজার ছাব্বিশ) টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান। উক্ত ঘটনায় মামলা রুজুর পর থেকেই আসামিরা গ্রেফতার এড়াতে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে আসছিলেন।
এই সফল যৌথ অভিযানে নেতৃত্ব প্রদান করেন র্যাব-৮ এর স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান এবং র্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
দেশের তথ্য ডেস্ক 


















