সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনে বন কর্মকর্তার গুলিতে আমিনুর রহমান (৪০) নামে এক কাঁকড়া জেলে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে ) সকালে সুন্দরবন শতমুখী খাল এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে জেলে বাউলী ও এলাকাবাসী সাতক্ষীরা শ্যামনগর বুড়িগোয়ালিনী বনবিভাগের কার্যালয় ঘেরাও করে ভাঙচুর করেন। এতে চার বোন কর্মকর্তা আহত হন।
নিহত আমিনুর রহমান গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আকছেদ আলী গাজীর ছেলে।
স্থানীয়রা জানায়, বৈধ অনুমতি নিয়ে দুই সহযোগীসহ সুন্দরবনে কাঁকড়া আহরণে যান আমিনুর। এ সময় পাটকোস্টা বন অফিসের এসও মোবারক হোসেন তাদের থামার নির্দেশ দেন। তবে বনদস্যু সন্দেহে আতঙ্কিত হয়ে জেলেরা পালানোর চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আমিনুর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক এ জেড এম হাসানুর রহমান একজন জেলের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও বনবিভাগের গুলিতে মৃত্যুর অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “বর্তমানে সুন্দরবনে বনদস্যু দমনে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। বনবিভাগ, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, গুলিতে এক জেলের মৃত্যুর ঘটনা জানা গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দেশের তথ্য ডেস্ক 


















