ফয়জুল হক বাবু
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে সময় দেওয়া বর্তমান সময়ে অত্যন্ত জরুরি হলেও নানা ব্যস্ততায় তা অনেক সময় হয়ে ওঠে না। এ কারণে সরকার তরুণদের খেলাধুলায় আগ্রহী করতে বিভিন্ন ক্রীড়া উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে এবং জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে হবে এবং শিক্ষার পাশাপাশি ক্রীড়াচর্চায় শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সাতক্ষীরা জেলার প্রশাসনিক কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন উপজেলা থেকে আগত অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশের তথ্য ডেস্ক 



















