সন্ধ্যার মধ্যে দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৬টার মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, এই তিন অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃষ্টি হলেও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস: দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত— শিরোনামে এক ফেসবুক পোস্টে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে দুপুর ১২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে। বৃষ্টিপাতের সময় নিম্নরূপ:
খুলনা বিভাগ : সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলা। সম্ভাব্য সময়: দুপুর ১২টার পর থেকে দুপুর ৩টা।
বরিশাল বিভাগ : সকল জেলা। সম্ভাব্য সময়: দুপুর ২টার পর থেকে বিকেল ৫টা।
চট্টগ্রাম বিভাগ : নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, উত্তর চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলা। সম্ভাব্য সময়: দুপুর ২টার পর থেকে সন্ধ্যা ৭টা।
সিলেট বিভাগ : হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা। সম্ভাব্য সময়: দুপুর ১২টার পর থেকে দুপুর ৩টা।
রংপুর বিভাগ : আজ সন্ধ্যার আগে আর বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না।
রাজশাহী বিভাগ : চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলা। সম্ভাব্য সময়: দুপুর ১টার পর থেকে বিকেল ৪টা।
ময়মনসিংহ বিভাগ : আজ সন্ধ্যার আগে আর বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না।
ঢাকা বিভাগ : আজ সন্ধ্যার আগে আর বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না।
দেশের তথ্য ডেস্ক 



















