যুব সমাজকে নেতৃত্বগুণ, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে খুলনার ইলাইপুর আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১ টায় ১০০ জন সদস্যদের ‘আনসার ও ভিডিপি ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্স’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার পরিচালক মোঃ আব্দুস সামাদ।
বিশেষ অতিথি ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উপ-পরিচালক এএসএম আজিম উদ্দিন ও জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ মিনহাজ আরেফিন।
সভাপতিত্ব করেন খুলনা আনসার ব্যাটালিয়ন পরিচালক মোল্যা আবু সাইদ। এ সময় প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা এবং প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, বর্তমান প্রজন্মকে সঠিক নেতৃত্ব, নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও উল্লেখ করেন, এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারী যুব সদস্যরা নেতৃত্ব বিকাশ, দলগত কার্যক্রম পরিচালনা, শৃঙ্খলা বজায় রাখা, আত্মরক্ষামূলক কৌশল, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সমাজসেবামূলক কার্যক্রমে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পাবে।
১০০ জন সদস্যদের প্রশিক্ষণ কোর্সটি ২৮ দিনব্যাপী পরিচালিত হবে, প্রশিক্ষণার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ধরনের প্রশিক্ষণ প্রদান করা হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
দেশের তথ্য ডেস্ক 




















