নোয়াখালীর হাতিয়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে বড় ধরনের অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌ-বাহিনী।
শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে পরিচালিত এই যৌথ অভিযানে ৩ হাজার লিটার ডিজেল জব্দসহ একজনকে আটক করা হয়েছে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নৌ-বাহিনীর ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

নৌ-বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইচ ঘাট সংলগ্ন এলাকায় নৌবাহিনী কন্টিনজেন্ট ও হাতিয়া থানা পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়।
এ সময় ‘মা-বাবার দোয়া বরফ কল’ সংলগ্ন এলাকা থেকে ১৫টি ব্যারেলে মজুদ করা ৩ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফার লোভে এই জ্বালানি মজুদ করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ ঘটনায় জড়িত থাকার দায়ে মোঃ মহিউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযান শেষে জব্দকৃত ডিজেল ও আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌ-বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় স্বার্থবিরোধী যে কোনো অবৈধ জ্বালানি মজুদ বা পাচার কার্যক্রম দমনে তাদের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
দেশের তথ্য ডেস্ক 



















