‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্ব-নির্ভর বাংলাদেশ’ এবারের জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য বিষয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে নগরীর শহিদ হাদিস পার্কে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন হয়। সিভিল সার্জন কার্যালয় এর আয়োজক। আয়োজন ছিল আলোচনা সভা ও শোভাযাত্রার।
অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, সকল মানুষকে প্রতিদিন খাবারে শাকসবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি প্যাকেটজাত বা অস্বাস্থকর খাবার বর্জন করতে হবে। খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিগুণ বজায় রাখতে হবে। পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তিনি সকলকে পুষ্টি ও নিরাপদ খাবার খাওয়ার প্রতি আহ্বান জানান।
সিএস কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন।
বক্তৃতা করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান প্রমুখ।
দেশের তথ্য ডেস্ক 





















