মোনাকোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (IHO) ৪র্থ সম্মেলনে সফলভাবে অংশগ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।
প্রতি তিন বছর অন্তর আয়োজিত এই সম্মেলনে বিশ্বব্যাপী হাইড্রোগ্রাফিক কার্যক্রমের কৌশলগত দিক-নির্দেশনা প্রণয়ন করা হয়। এবারের অধিবেশনে নটিক্যাল চার্ট প্রণয়নের আন্তর্জাতিক মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং সামুদ্রিক নিরাপত্তা কাঠামো জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে পরবর্তী প্রজন্মের হাইড্রোগ্রাফিক মানদণ্ড ‘এস-১০০ ফ্রেমওয়ার্ক’ বাস্তবায়ন এবং স্বয়ংক্রিয় জরিপ পদ্ধতির মতো আধুনিক প্রযুক্তির সংযোজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সম্মেলনে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার শীর্ষ পদসমূহের নির্বাচন প্রক্রিয়ায় বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বর্তমানে বাংলাদেশ ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’-এর চেয়ারম্যান হিসেবে (২০২৫-২০২৭ মেয়াদ) উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক হাইড্রোগ্রাফিক কার্যক্রম সমন্বয়ে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিচ্ছে।
নৌবাহিনী জানায়, এই অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক সামুদ্রিক ব্যবস্থাপনা ও হাইড্রোগ্রাফিক উন্নয়নে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা আরও সুসংহত হয়েছে। এটি দেশের হাইড্রোগ্রাফিক সক্ষমতা বৃদ্ধি ও সামুদ্রিক অবকাঠামো উন্নয়নে একটি বড় কৌশলগত সাফল্য।
দেশের তথ্য ডেস্ক 



















