পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা পৌরসভার বাতিখালী গ্রামে দাম্পত্য কলহের জেরে বাবর আলী খোকন (৫২) নামের এক ব্যক্তি বিষপান করে মারা গেছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল খোকনের। এ ঘটনার জেরে প্রায় ৮-১০ দিন আগে তার স্ত্রী সালেহা (শ্যাম্মু) (৪৫) বাবার বাড়িতে চলে যান। পরে তাকে ফিরে এসে সংসার করার জন্য অনুরোধ করা হলেও তিনি আর ফিরবেন না বলে জানান।
মানসিকভাবে ভেঙে পড়ে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২ টার দিকে নিজ ঘরের ভেতরে কীটনাশক পান করেন খোকন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কপিলমুনি বাজার এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে দেশের তথ্য’র এ প্রতিনিধিকে জানান, ঘটনাটি পারিবারিক কলহজনিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের তথ্য ডেস্ক 



















