খুলনায় পুলিশ দম্পতির হাতে নির্মম গৃহকর্মী নির্যাতনের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে নগরীর ব্যস্ততম শিববাড়ী মোড়। আজ শুক্রবার সকাল ১১ টায় খুলনা শিববাড়ী মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে সামাজিক সংগঠন ‘খুলনা জাগ্রত তরুণ সংঘ’।
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, সমাজের রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকিতে পড়ে। একটি স্বাধীন দেশে গৃহকর্মীর ওপর এমন অমানবিক ও পৈশাচিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
প্রতিবাদ সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রায়হান তামিম তাঁর বক্তব্যে বলেন, “অপরাধী যেই হোক না কেন, তার কোনো ছাড় হবে না। অপরাধীর কোনো ধর্ম, বর্ণ, পেশা বা রাজনৈতিক দল নেই—সে কেবলই একজন অপরাধী। আমরা অনতিবিলম্বে এই পুলিশ দম্পতির সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
তিনি আরও বলেন, ঘটনার পর দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তবে আমাদের দাবি, এই তৎপরতা যেন শেষ পর্যন্ত বজায় থাকে এবং কোনো আইনি ফাঁকফোকর ছাড়াই সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়।
সংগঠনের অন্যতম নেতা সাগর হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য শিশির রঞ্জন মল্লিক, নূর হাসান জনি এবং হোসেন মোহাম্মদ বাচ্চু।
এছাড়াও নির্যাতিতার পক্ষে মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য ইরান শেখ, মোঃ ইমন বিশ্বাস, ইব্রাহিম হালদার বাবু, মোঃ জাহিদুর রহমান, শুভ, মোঃ জিসলান রায়হান রবিন, মোঃ আরমান শেখ, মোঃ আল-আমিনসহ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ।
দেশের তথ্য ডেস্ক 



















