খুলনা জেলার পাইকগাছায় মব সৃষ্টি করে হাসান ওরফে কিং (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান ও ১নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ নাজমুল হুদাকে (৩৭) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মামলা রুজুর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫ টায় র্যাব-০৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল খুলনা সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ নাজমুল হুদা। তিনি খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা মোঃ জয়নাল আবেদীনের ছেলে। র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানাধীন খানজাহান আলী রোড গ্লাসগো মোড়স্থ ‘এস. এন্ড এ মোটরস’ এর শো রুমে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার বিশ্লেষণে জানা যায়, গত ৭ জুন সন্ধ্যা সাড়ে ৬ টায় পাইকগাছা থানাধীন চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী গরুর হাট এলাকায় মাদক কেনাবেচা এবং মাদককে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের চেষ্টা চলছিল।
এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ধৃত আসামি নাজমুল হুদাসহ অন্যান্য আসামিরা মব সৃষ্টি করে হাসান ওরফে কিং-এর ওপর চড়াও হয়। তারা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি, শাবল ও লোহার রড দিয়ে হাসানকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি নাজমুল হুদা গ্রেফতার এড়াতে খুলনা শহরে এসে আত্মগোপন করেছিল। র্যাব-০৬ এর স্পেশাল কোম্পানি দ্রুত তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান সনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আইনের আওতায় আনে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে খুলনা জেলার পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের তথ্য ডেস্ক 



















