*খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার*
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের চলমান অনির্দিষ্টকালের কর্মবিরতি ও ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (০৯ জুন ২০২৬) সকাল ৯টা থেকে তারা পুনরায় কর্মস্থলে যোগদান করেন।
জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করে আসছিলেন। এ প্রেক্ষিতে গত ০৮ জুন ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের সচিব ও মহাপরিচালকের সঙ্গে ইন্টার্ন চিকিৎসক প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইন্টার্ন চিকিৎসকদের উত্থাপিত ৬ দফা দাবি আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস প্রদান করা হলে তারা তাদের চলমান কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা পুনরায় দায়িত্ব পালন শুরু করেন। ফলে হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং রোগীদের সেবাদান কার্যক্রম নির্বিঘ্নে চলমান রয়েছে।
দেশের তথ্য ডেস্ক 



















