খুলনা মহানগরীর কুখ্যাত “বি কোম্পানি”র সদস্য, ফেসবুকে উক্ত ব্যানার ব্যবহার করে প্রচারণাকারী এবং একাধিক মামলার এজাহারনামীয় আসামি মোঃ সজল আকন (৩৪)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (৭ই জুন) রাত সাড়ে ৮ টায় র্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল মহানগরীর লবণচরা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সজল আকন। তিনি খুলনা মহানগরীর লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকার মোঃ হারুন আকনের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানাধীন সুইচগেট সংলগ্ন ওসমান মালের হাসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে এই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
আসামির পিসি-পিআর (পূর্ববর্তী অপরাধের রেকর্ড) বিশ্লেষণ করে র্যাব জানায়, সজল আকন খুলনার অপরাধ জগতের একটি পরিচিত নাম। তার বিরুদ্ধে খুলনা মহানগরীর একাধিক থানায় হত্যা মামলা, বিশেষ ক্ষমতা আইন, চুরিসহ মারধরের অপরাধে মোট চারটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। সে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খুলনার বিতর্কিত “বি কোম্পানি”র ব্যানারে বিভিন্ন কার্যক্রম ও প্রচারণা চালিয়ে আসছিল।
গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামি সজল আকনকে খুলনা মহানগরীর লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে। কেএমপি এলাকায় সন্ত্রাস ও অপরাধ চক্রের বিরুদ্ধে র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
দেশের তথ্য ডেস্ক 



















