সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে মায়ানমারে (মিয়ানমার) পাচারকালে এক বিশাল সিমেন্টের চালান জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ মঙ্গলবার (০২ জুন ২০২৬) নিয়মিত টহল পরিচালনাকালে ১৭০০ বস্তা সিমেন্ট বোঝাই দুটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোটসহ পাচারকারী চক্রের ২০ জন সদস্যকে আটক করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী জানায়, দেশের বিস্তীর্ণ সমুদ্রসীমায় সার্বভৌমত্ব সুরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সমুদ্রে নিয়মিত টহল ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায়, আজ সেন্টমার্টিন লাইট হাউস থেকে ১৯ মাইল দূরে সন্দেহজনক দুটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোটের গতিবিধি পরিলক্ষিত হয়। পরে টহলরত নৌবাহিনীর জাহাজ ধাওয়া করে ‘মা-২’ এবং ‘নিশান-২’ নামের বোট দুটিকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত বোট দুটি তল্লাশি করে ‘মা-২’ থেকে ৯০০ বস্তা এবং ‘নিশান-২’ থেকে ৮০০ বস্তা সহ সর্বমোট ১৭০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় বোটের ভেতরে থাকা পাচারকারী দলের ২০ জন সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা স্বীকার করেছে যে, অধিক মুনাফা লাভের আশায় তারা এই সিমেন্টের বিশাল চালানটি মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। অভিযান শেষে উদ্ধারকৃত মালামাল এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের তথ্য ডেস্ক 


















