শাহরিয়ার কবির,পাইকগাছা (খুলনা)
শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মজীবনের প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করতে পাইকগাছায় অনুষ্ঠিত হয়েছে জ্ঞান, মেধা ও প্রেরণার এক অনন্য মিলনমেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত “ফ্রেশার্স রিসিপশন, ট্যালেন্ট হান্ট অ্যান্ড ক্যারিয়ার সেমিনার-২০২৬”-এ অংশ নিয়ে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা ও পেশাজীবীরা তরুণ প্রজন্মের সামনে সফলতার বাস্তব পথরেখা তুলে ধরেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে আত্মপ্রত্যয়ী হওয়ার আহ্বান জানানো হয়।
শনিবার (৩০ মে) বিকেলে পাইকগাছা উপজেলার লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি জান্নাতুল ফেরদৌস তিশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানভীর আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে শিক্ষার্থীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সচিব তৌহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের প্রভোস্ট ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. স. ম. আলী রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ও কালচারাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল গফুর পাজী, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও ঢাকাস্থ পাইকগাছা সমিতির সভাপতি এ কে এম সাঈদ হোসেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের ইভিপি মো. মাজনুজ্জামান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রভাষক মিনহাজুল ইসলাম অর্ণব, গোপালগঞ্জের সিভিল জজ সুজাতা আমিন বনানী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।
বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, দক্ষতা, নেতৃত্ব, যোগাযোগ ক্ষমতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমেই শিক্ষার্থীরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। তারা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে, কঠোর পরিশ্রম করতে এবং লক্ষ্য অর্জনে দৃঢ় থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, প্রাক্তন অধ্যক্ষ মিহির বরণ মণ্ডল, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী ডা. ফারজানা ইয়াসমিন লিসা, জাপান প্রবাসী শামীম আহসান, সহকারী অধ্যাপক আবু সাবাহ, প্রভাষক লুৎফা ইসলাম, আবু রাসেল কাজী, ঢাকাস্থ পাইকগাছা সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং জাপানের এনআইসিসিএর আসিফ ইকরাম সবুজ।
এ সময় শিক্ষার্থী আয়েশা রহমান শশী ও তালহা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরে বক্তব্য দেন। সেমিনারে নবম শ্রেণি থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মেধা মূল্যায়ন কার্যক্রম ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। পাশাপাশি মেধা পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরও বিশেষ স্বীকৃতি দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা, নৈতিকতা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতার চর্চা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সেমিনার শেষে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিত অনেকে এমন আয়োজনকে পাইকগাছার শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
শিরোনামঃ
পাইকগাছার শিক্ষার্থীদের স্বপ্নযাত্রায় নতুন অধ্যায়, ক্যারিয়ার সেমিনারে বিশিষ্টজনদের দিকনির্দেশনা
-
দেশের তথ্য ডেস্ক - প্রকাশঃ 05:52:32 pm, Sunday, 31 May 2026
- 33
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ



















