বাগেরহাট প্রতিনিধি
দীর্ঘ আট বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মীরা।
শনিবার (১৬ মে) বিকেল ৫টায় শহরের রেলরোড এলাকা থেকে নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুনের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এসময় নেতাকর্মীরা বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি’র প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সম্পাদক নাছির উদ্দিন নাছিরের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।
মিছিলে জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি শামিম শিকদার, সহ-সভাপতি শেখ মাইদুল ইসলাম মিন্টু, রানা দিদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফকির মোহাম্মদ হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দেশের তথ্য ডেস্ক 



















