ফয়জুল হক বাবু
পুলিশ ও সাংবাদিক সমাজ একই সুতায় গাঁথা বলে মন্তব্য করেছেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালে মোঃ আশরাফুল ইসলাম। তিনি বলেন, “সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ” শনিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে সাতক্ষীরায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনীর পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অপরিহার্য। সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মোবাইল জুয়া ও অনলাইনভিত্তিক অপরাধ নিয়ন্ত্রণেও কঠোর অবস্থান গ্রহণ করা হবে।
পরিচিতি ও মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন কুমার সরকার, তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নুরুল্লাহ, জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক এস এম আব্দুল আলীম, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক আশিক-ই ইলাহী, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, আর টিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল কাশেম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, একাত্তর টিভির জেলা প্রতিনিধি বরুন ব্যানার্জি, এসএ টিভির জেলা প্রতিনিধি এম শাহীন গোলদার, ডিবিসি টেলিভিশনের জেলার প্রতিনিধি এম বেলাল হোসেন, মাই টিভির জেলা প্রতিনিধি ফয়জুল হক বাবু, স্টার নিউজের জেলা প্রতিনিধি হাবিবুল বাশার ফরহাদ, এনটিভির জেলা প্রতিনিধি জুলফিকার আলী জিন্নাহ সহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মূলধারার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চোরাচালান ও বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে মতামত তুলে ধরেন। পরে পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন।
দেশের তথ্য ডেস্ক 



















