গ্রামাঞ্চলের অসচ্ছল ও দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে খুলনার তেরখাদার সাচিয়াদহে দিনব্যাপী এক বিশাল বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে ২০২৬, শনিবার সকাল ০৯ টা থেকে বিকাল ০৩ টা পর্যন্ত “অগ্রপথিক সাচিয়াদহ” সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্থানীয় আদর্শ শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
শনিবার প্রাতকালে এলাকার গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ সূচনা ঘটে। ক্যাম্পে আর্থিক অসচ্ছলতা এবং দূরত্বের কারণে যারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন না, এমন বিপুলসংখ্যক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাপত্র ও পরামর্শ দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এমিরিটাস ডাঃ শেখ ইউনুস আলী [ডি.টি.সি.ডি, এম.ডি (কার্ডিওলজি), এফ.আর.এস.সি (লন্ডন), পি.এইচ.ডি (ইউ.এস.এ)] এবং গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ বেগম রওগন আরা [এম.বি.বি.এস, পি.জি.টি (গাইনী এন্ড অবস্)]। এছাড়াও দিনব্যাপী এই ক্যাম্পে নিরলসভাবে চিকিৎসা সেবা দেন ডাঃ এস.এম সামছুল আহসান (মাসুম) [এম.বি.বি.এস, ডি.এ] এবং ডাঃ জিনাত ফাতেম [এম.বি.বি.এস, পি.জি.টি (গাইনী এন্ড অবস্)]।
সাচিয়াদহ গ্রামের ২৫ জন তরুণ যুবকের যৌথ উদ্যোগে গঠিত এই সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই এলাকায় নানাবিধ মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন প্রতিষ্ঠাতা সভাপতি ও ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব গ্লোস্টারশায়ারের গেস্ট লেকচারার ড. লিটন বিশ্বাস, সভাপতি ও কক্সবাজার জেলা পুলিশের সাব-ইন্সপেক্টর মিলন টিকাদার এবং সাধারণ সম্পাদক ও চিত্রা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক উত্তম কুমার ঢালী। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য নবেন্দু বিশ্বাস, রাজীব টিকাদার, কোষাধ্যক্ষ অমিত বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক সৌরভ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ডাঃ অপূর্ব বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য বিকাশ মন্ডল, লিপ্টন বিশ্বাস, অনিন্দ বিশ্বাস, রাজেশ বিশ্বাসসহ সংগঠনের সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণে এই বৃহৎ ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানুষকে ভালোবাসার মাধ্যমেই স্রষ্টাকে পাওয়া যায় এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোও একটি বড় ইবাদত—এই মূলমন্ত্রকে ধারণ করেই তারা কাজ করছেন। এর আগেও সংগঠনটি শারদীয় দুর্গা পূজায় বস্ত্র বিতরণ, করোনাকালে খাদ্যসামগ্রী প্রদান, বৃক্ষরোপণ, ডেঙ্গু ও করোনা সচেতনতা, মাদকবিরোধী সভা এবং গুণীজন সংবর্ধনাসহ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এরই মধ্যে তাদের পরিচালিত ‘ can অগ্রপথিক জ্ঞানাঙ্কুর স্কুল’ এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। ভবিষ্যতেও দেশসেবামূলক এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
দেশের তথ্য ডেস্ক 



















