সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ কাওসার আজিজের বিরুদ্ধে পেশাদার সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে প্রেস ব্রিফিং বর্জন করেছেন জেলার মূলধারার সাংবাদিকরা।
জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে অংশ নিতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্তত ৬০ জন সাংবাদিক সেখানে উপস্থিত হন।
সাংবাদিকদের অভিযোগ, সম্মেলন কক্ষে গিয়ে তারা দেখেন অধিকাংশ আসন অপেশাদার সাংবাদিকদের দখলে। এমতাবস্থায় নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ সম্মেলন কক্ষে প্রবেশ করেন। তখন মুলধারার সাংবাদিকদের দাড়িয়ে রেখে তিনি ব্রিফিং শুরুর প্রস্তুতি নেন। এসময় দাড়িয়ে থাকা সিনিয়র সাংবাদিকরা চেয়ার না পাওয়ার কথা জেলা প্রশাসককে জানালে তিনি বলেন,‘‘আগে থেকে না আসলে চেয়ার পাওয়া যাবেনা। আগে যারা আসবে,তারা আগে বসবে। ‘’ তাঁর এ কথায় হতবাক হয়ে যান সাংবাদিকরা। সিনিয়র সাংবাদিকরা এসময় পরবর্তী সময়ে ব্রিফিংয়ের আবেদন জানালে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “ব্রিফিং একবারই হবে ‘’ বসার জায়গা না পেয়ে অগত সাংবাদিকরা সম্মেলন কক্ষ ত্যাগ করার উদ্যোগ নিলে জেলা প্রশাসক বলেন,‘ চলে যাওয়া সাংবাদিকরা সরকার বিরোধী। ‘’
এবিষয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম বলেন,‘ বর্তমান নির্বাচিত সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিস্তারিত জানতে খুবই আগ্রহ নিয়ে আমরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়েছিলাম। কিন্তু বসার জায়গা না পাওয়া ও জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণে আমাদের চলে আসা ছাড়া পথ ছিলনা। ‘’
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন,‘‘ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা মুলধারার সাংবাদিকরা সরকারের উন্নয়নমুলক কর্মকাণ্ডের সকল খবর প্রচার করে আসছি। ‘’’
তিনি আরও বলেন,‘‘ গত ১লা এপ্রিল বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের শ্যামনগর সফরের নিউজ মুলধারার সাংবাদিকরা সর্বোচ্চ কাভারেজ করেন। অথচ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত সাংবাদিকদের দেখা যায়নি। সুতরাং জেলা প্রশাসকের এ মন্তব্য সমর্থনযোগ্য নয়। ‘’
অসৌজন্যমুলক আচরণের অভিযোগ অস্বীকার করে সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সাংবাদিকদের বলেন,‘‘সাংবাদিকরা নির্ধারিত সময়ের প্রায় ১৫ মিনিট পরে আসায় তারা আসন পাননি। ’’
আপনিও তো ৩০ মিনিট পরে এসেছেন সাংবাদিকদের-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘‘ আমি জানতাম অনুষ্ঠান সাড়ে বারোটায়, তথ্য অফিসার আমাকে সেভাবেই জানিয়েছে। ‘’ তবে ব্রিফিং থেকে চলে আসা সাংবাদিকরা সরকার বিরোধী লোক-এমন কথা বলেননি বলে জানান জেলা প্রশাসক।
দেশের তথ্য ডেস্ক 



















