আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের ৬ জেলার কৃষকদের কাছ থেকে আগামী ৩ মে ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার। পূর্ব ঘোষণা অনু্যায়ী আগামী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহের কথা ছিল।
শুক্রবার (১ মে) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাওর অঞ্চলের এ ৬ জেলা হলো- নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। দেশের বাকি জেলাগুলোয় পূর্ব নির্ধারিত সময়েই এ কার্যক্রম শুরু হবে।
আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ টন ধান ও চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল এবং ১ লাখ টন আতপ চাল কেনা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান চালের পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার টন গমও কেনা হবে। এ সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
দেশের তথ্য ডেস্ক 



















