দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলার কৃষকদের মাঝে আউস মৌসুমে প্রণোদনার ধান বীজ ও সার বিতরণ করা হয়।
বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় দিঘলিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল এর প্রতিনিধি জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খান জুলফিকার আলী জুলু।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ কবির হোসেন, দিঘলিয়া উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিকসহ উপজেলা বিএনপি ও শ্রমিক দলের নেতৃবৃন্দসহ উপজেলা কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি অফিসারগণসহ উপজেলার ৬ টি ইউনিয়ন থেকে আগত প্রণোদনাভোগী কৃষকগণ।
প্রধান অতিথি বলেন, কৃষকের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। সকল সুযোগ সুবিধা আমাদের কৃষকেরা পেতে পারে সে ব্যাপারে স্থানীয় প্রশাসনে সহযোগিতা করতে হবে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের। আমাদের খুলনা-৪ আসনের সংসদ সদস্যের চাওয়া এটাই। কৃষকদের সরকারি প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের সরকার কৃষি বান্ধব। কৃষকদের আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন সকল কৃষকদের কৃষি কার্ডের আওতায় আনা হবে। কৃষিভিত্তিক সকল সুযোগ সুবিধা কৃষি কার্ডের ভিত্তিতে বিতরণ করা হবে।
দেশের তথ্য ডেস্ক 



















