খুলনার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে শ্যামল নামের এক যুবককে আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শ্যামল তার ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে আপত্তিকর মন্তব্য পোস্ট করেন। বিষয়টি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে আটক করে গণধোলাই দেয় এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে তাকে নিরাপদ স্থানে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে গভীর তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় প্রশাসন ও স্থানীয় উলামায়ে কেরাম সাধারণ মানুষকে শান্ত থাকার এবং কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কেউ যেন গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করতে পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
দেশের তথ্য ডেস্ক 


















