চিতলমারী প্রতিনিধি:
পীর খান জাহান আলীর পবিত্র ভূমি খ্যাত বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহালের দাবিতে জেলার অন্যান্য উপজেলার মত চিতলমারীতেও সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে এ হরতাল ও সড়ক অবরোধ পালিত হয়।
সম্প্রতি বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করে নির্বাচনী সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তিনটি আসন করার সিদ্ধান্ত বাতিল এবং চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে চিতলমারীসহ জেলা জুড়ে এ হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালিত হয়।
হরতালের সমর্থনে চিতলমারী উপজেলা মোড়, শহীদ মিনার সংলগ্ন রাস্তা, পুরাতন স্টিল ব্রিজসহ পাটগাতী-বাগেরহাট সড়কের অন্তত ১৫ টি গুরুত্বপূর্ণ স্থানে সড়কের ওপর টায়ার, গাছের গুড়ি জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়।
এ সময় হরতালের সমর্থনে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাড শেখ ফজলুল হক, সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, চিতলমারী বাজার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সোয়েব হোসেন গাজী, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর মোঃ মনিরুজ্জামান, সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, ইসলামী আন্দোলন চিতলমারী উপজেলা শাখার সভাপতি আবুল কালাম কাজীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ অন্যান্য পর্যায়ের নেতা-কর্মীরা সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
দেশের তথ্য ডেস্ক 



















