খুলনায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঝটিকা মিছিল হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকাল ৭টার দিকে জিরো পয়েন্ট এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর খুলনায় এটাই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হলো। ইতোমধ্যে ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি থেকে দেখা যায়, একদল নেতাকর্মী ব্যানার নিয়ে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছেন। ওই মিছিলে বিভিন্ন স্লোগান দেয়া হয়। তবে, এ বিষয়ে জেলা আওয়ামী লীগের কেউ কথা বলতে রাজি হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা জানান, আমাদের নির্দেশনা ছিল মিছিলে পরিচিত কোনো মুখ থাকবে না। এ কারণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপরিচিত মুখের নেতাকর্মীদের দিয়ে মিছিল করানো হয়েছে।
এ ব্যাপারে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল বাশার জানান, হঠাৎ গাড়ি থেকে নেমেই ঝটিকা মিছিল করে পালিয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালের দিকে হওয়ায় সে সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর আছে।
দেশের তথ্য ডেস্ক 



















