বাংলাদেশে নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’ (NIOHC)-এর ২৫তম আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার (১১ মে) বন্দরনগরী চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে নৌবাহিনী প্রধান জাতীয় পর্যায়ে একটি স্বতন্ত্র হাইড্রোগ্রাফিক কর্তৃপক্ষ হিসেবে ‘ন্যাশনাল হাইড্রোগ্রাফার’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, এটি বাংলাদেশের সামগ্রিক হাইড্রোগ্রাফিক কার্যক্রমের সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত করবে। এই উদ্যোগ বাণিজ্যিক জাহাজসহ সমুদ্রগামী নৌযানগুলোর নিরাপদ চলাচল নিশ্চিতের মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করবে এবং সুনীল অর্থনীতি (Blue Economy) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করছেন। উল্লেখ্য, বাংলাদেশ ২০২৫-২০২৭ মেয়াদের জন্য এই কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছে। সম্মেলনে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (IHO) পরিচালকসহ অস্ট্রেলিয়া, ফ্রান্স, ওমান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশের তথ্য ডেস্ক 



















