কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ সোমবার (৪ মে) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকার একটি ইটভাটায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদকসহ বিদেশি পিস্তল জব্দ এবং একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করা হয়েছে।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী কন্টিনজেন্ট আলিখালি এলাকার ওই ইটভাটায় তল্লাশি চালায়। এসময় ইটভাটার মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ মাদকের বাজারমূল্য আনুমানিক ৩০ কোটি টাকা। মাদক ছাড়াও সেখান থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
অভিযান চলাকালে আলিখালি এলাকা থেকে নুরুল কবির নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। নৌবাহিনী জানায়, উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে মাদক এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধে নৌবাহিনীর এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
দেশের তথ্য ডেস্ক 



















