ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৫১০ গ্রাম মারাত্মক মাদক ‘ক্রিস্টাল আইস’ (মিথাইল অ্যামফিটামিন) উদ্ধার করেছে র্যাব-৬। আজ (শনিবার) দুপুরে এই অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের (সিপিসি-২) একটি চৌকস আভিযানিক দল কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন যশোর রোডে চেকপোস্ট স্থাপন করে। এসময় শ্যামনগর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হলে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ এই অবৈধ মাদক পাওয়া যায়। জব্দকৃত মাদকের বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই নিয়মিত অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি মূলে হস্তান্তর করা হয়েছে। অপরাধী দমনে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দেশের তথ্য ডেস্ক 



















