খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন পাওয়ার হাউজ মোড় এলাকায় এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা, নগদ টাকা লুট এবং ব্যবসায়ী পুত্রকে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (৮ এপ্রিল) বিকেলে ‘মুক্তা মেশিনারিজ’ নামক প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ শাহজাহান বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নগরীর লবণচরা এলাকার বাসিন্দা মোঃ শাহজাহান বটিয়াঘাটার হোগলাডাঙ্গা এলাকায় ক্রয়কৃত ৫ কাঠা জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে বিবাদী শহিদুল ইসলাম খোকন মল্লিকের (৩৫) সাথে দ্বন্দ্বে লিপ্ত ছিলেন। শাহজাহানের দাবি, বিবাদী খোকন মল্লিক জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন এবং তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বুধবার বিকেল ৪টার দিকে খোকন মল্লিক ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৭-৮ জন ব্যক্তি পাওয়ার হাউজ মোড়স্থ ‘মুক্তা মেশিনারিজ’-এ উপস্থিত হন। চাঁদা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় শাহজাহানের ছেলে মিজান গুরুতর আহত হন। এছাড়া দোকানের ক্যাশ থেকে ৩ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে লিখিত এজাহারে।
আহত মিজানকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
দেশের তথ্য ডেস্ক 



















