বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (০৪ এপ্রিল) দুপুরে ডিএনসি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (০৩ এপ্রিল) রাত ৯টার দিকে বাগেরহাট সদর থানার কুলিয়াদাইড় বাদামতলা এলাকার আল-আকসা জামে মসজিদের পূর্ব পাশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা জেলার আদর্শ সদর (কোতয়ালী) থানার উত্তর রাছিয়া এলাকার মৃত আব্দুল মমিনের ছেলে মোহাম্মদ ইয়াছিন (২১) এবং একই জেলার দক্ষিণ বাগবের এলাকার রুহুল আমিনের ছেলে মোঃ নাদিম (২১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক (ডিডি) মোঃ মিজানুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে তাদের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
দেশের তথ্য ডেস্ক 



















