বাগেরহাট প্রতিনিধি :
সুন্দরবনে পৃথক দুটি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর দুই সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে অপর একটি বনদস্যু বাহিনী “জোনাব বাহিনীর” অপহরণের শিকার তিন জেলেকেও উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
পরে বিকালে কোস্টগার্ড বেইজ মোংলাতে প্রেস ব্রিফিং করে বিসিজিএস সোনার বাংলার নির্বাহী কর্মকর্তা শেখ সাদমান বিন মাহমুদ বলেন, সুন্দরবন সংলগ্ন বাইনতলা খাল এলাকায় ছোট জাহাঙ্গীর বাহিনীর অবস্থানের খবর পেয়ে ভোর ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৫ পিস ইয়াবা এবং নগদ ১,১০০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের আস্তানাও ধ্বংস করা হয়।
আটককৃতরা হলেন—বাগেরহাটের শরণখোলার মো. সোহাগ হাওলাদার (৩৫) এবং খুলনার পাইকগাছার বাবুল সানা (৪২)। তারা দীর্ঘদিন ধরে ছোট জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় কোস্ট গার্ড।
অপরদিকে, গত ৩১শে মার্চ সুন্দরবনের হোগলডরা খাল এলাকা থেকে জোনাব বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে একটি নৌকাসহ তিন জেলেকে জিম্মি করে নিয়ে যায় । খবর পেয়ে ১ এপ্রিল সন্ধ্যায় কোস্ট গার্ড স্টেশন হলদেবুনিয়া ও কৈখালী যৌথভাবে অভিযান চালায়। অভিযানে জিম্মি থাকা তিন জেলে—ইনতাজ (৫০), মোশাররফ (৪২) ও আনিস (৪৫)-কে উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি নৌকা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি ওয়াকিটকি চার্জার, ৩টি মোবাইল ব্যাটারি এবং একটি কুড়াল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গত দেড় বছরে ধারাবাহিক অভিযানে বিভিন্ন বাহিনীর মোট ৬১ জন ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। এসব অভিযানে ৮০টি আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গোলাবারুদ, ৩০৮ রাউন্ড ফাঁকা গুলি ও ১,৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়েছে। একই সময়ে দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
দেশের তথ্য ডেস্ক 



















