খুলনা মহানগরীর লবণচরা থানাধীন রূপসা ব্রিজ এলাকায় অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল (অকটেন) বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে এনএসআই খুলনা মেট্রো শাখার গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
রূপসা ব্রিজ কাউন্টারের পাশে অবস্থিত ‘মাই ম্যাক্সসিস’ নামক প্রতিষ্ঠানে অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিস আল মাহদী। অভিযানে প্রতি লিটার অকটেন ২১০ টাকা দরে (সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি) বিক্রির প্রমাণ পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর মোছাঃ রেশমা বেগমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিক জরিমানার নগদ টাকা পরিশোধ করেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত রেশমা বেগমের স্বামী শরিফুল ইসলাম খুলনা বন বিভাগের একজন স্পিডবোট চালক। তিনি সরকারি স্পিডবোটের জ্বালানির কথা বলে বিভিন্ন ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন সংগ্রহ করে স্ত্রীর দোকানে এনে চড়া মূল্যে বিক্রি করতেন। এছাড়া রাত ১০টার পর যমুনা অয়েল কোম্পানির ডিপো থেকে প্রতি ব্যারেল (১৯০ লিটার) ৩৮ হাজার টাকা মূল্যে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
লবণচরা থানা পুলিশ ও এনএসআই কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দেশের তথ্য ডেস্ক 



















