খুলনার কয়রা সংলগ্ন সুন্দরবনে দুর্ধর্ষ ‘জোনাব বাহিনী’র হাতে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর সদস্যরা খুলনার কয়রা থানাধীন খড়কুড়িয়া খাল এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মি করা জেলেকে ফেলে রেখে বনের গহীনে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব না হলেও জিম্মি দশা থেকে মজিবর গাজীকে (৫০) অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মজিবর গাজী খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।
বিসিজিএস অপরাজেয় বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ জানান, উদ্ধারকৃত জেলেকে তার পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
দেশের তথ্য ডেস্ক 



















