মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় অভিযান চালিয়ে দুটি দেশীয় ওয়ান শুটারগানসহ আলম খাঁন (২৬) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় শ্রীপুর থানাধীন খামারপাড়া এলাকার রোকনের মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলম খাঁন মাগুরা জেলার শ্রীপুর থানার দাইরপোল গ্রামের মৃত হাসমত আলী খাঁনের ছেলে।
র্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, খামারপাড়া এলাকায় অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে রোকনের মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় সন্দেহভাজন আলম খাঁনকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অবৈধ দুটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র দুটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক জব্দকৃত আলামতসহ তাকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের তথ্য ডেস্ক 



















