ফয়জুল হক বাবু
সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, “আমি অতীতে পাটকেলঘাটাকে থানায় রূপান্তরিত করেছিলাম। আগামীতে যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে তালা ইউনিয়নকে পৌরসভা এবং পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীত করব, ইনশাআল্লাহ।”
শনিবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বলফিল্ড মাঠে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমি নির্বাচিত হলে তালা ও কলারোয়ার সব শ্রেণি-পেশার মানুষকে নিরাপদ রাখার দায়িত্ব নেব। সাধারণ মানুষের জান-মাল ও অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে একটি গোষ্ঠী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মব সৃষ্টি করে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। তাদের সাবধান করে দিতে চাই—বাংলাদেশের জনগণ একটি নির্বাচিত সরকার দেখতে চায়। মব সৃষ্টি করে এ দেশের নির্বাচন বন্ধ করা যাবে না।”
এ সময় তিনি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের নারী প্রধানদের জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ফ্যামিলি কার্ড চালু করা হবে। একই সঙ্গে প্রকৃত কৃষকদের জন্য ৫ হাজার টাকা করে কৃষি ভাতা প্রদান করা হবে।”
তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম শফীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যাপক রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, কলারোয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেসা মিনি, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সুরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল্লাহ রাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমানসহ দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো মাঠ দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
দেশের তথ্য ডেস্ক 



















