খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তদের গুলিতে মামুন অর রশিদ ওরফে বাবু (৩৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব রূপসার মীনা বাড়ি মোড়ে এই হামলার ঘটনা ঘটে।
আহত মামুন খুলনা সদর থানাধীন নতুন বাজার এলাকার বাসিন্দা আবু বক্করের ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মামুন অর রশিদ পূর্ব রূপসার মীনা বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত তাকে হত্যার উদ্দেশ্যে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বাম কাঁধে বিদ্ধ হয়ে তিনি গুরুতর জখম হন। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় মামুনকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
রূপসা থানার এসআই আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি, তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
দেশের তথ্য ডেস্ক 



















