ফয়জুল হক বাবু
সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার বলেছেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিগত সময়ে অনেক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। অনেকে কষ্ট ও হতাশা নিয়ে ভোটকেন্দ্র থেকে ফিরে এসেছেন। তবে ২০২৪ সালের ছাত্র–জনতা এসব অনিয়ম মেনে নেয়নি; তারা রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছে এবং অন্যায়ের বিরুদ্ধে শক্ত জবাব দিয়েছে।’ মঙ্গলবার(১৩ জানুয়ারি ২০২৬) সাতক্ষীরা কালিগঞ্জ নলতা আহাসানিয়া কলেজ মাঠে ভোটার উদ্বুদ্ধকরণ ও মতবিনয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ওই আন্দোলনের মধ্য দিয়ে জনগণ সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে—রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে। আগে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলেও সেগুলো ছিল বিতর্কিত। এখন সিদ্ধান্ত হয়েছে নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হবে, যেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত থাকবে।
জেলা প্রশাসক উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে কোনো দলীয় সরকার আর ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। সংবিধান সংশোধনের জন্য দেশের জনগণের মতামত গ্রহণ বাধ্যতামূলক হবে। এজন্য গণতন্ত্রকে শক্তিশালী করতে সকল নাগরিককে সচেতন ভূমিকা রাখতে হবে।
এ সময় তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান।
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ভোটার উদ্বুদ্ধ করুন ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান। এছাড়াও জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার পাশাপাশি ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন ও নাগরিক সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা এবং একটি উন্মুক্ত মতবিনয় পর্ব অনুষ্ঠিত হয়।
দেশের তথ্য ডেস্ক 



















