নাটোরে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ও একজন আহতের খবর পাওয়া গেছে। আজ রবিবার ভোর ৫টার দিকে নাটোর শহরের ছায়াবানী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মজনু মিয়া। তিনি বানাতিপাড়া উপজেলার তমালতলা এলাকার মফিজ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, মজনু ও তার ছেলে রাব্বি নাটোর সদর উপজেলার পাটুল এলাকা থেকে মাছ কিনে বিক্রির জন্য নাটোর শহরের নিচা বাজারে আসছিলেন। তাদের বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশাটি ছায়াবানী সিনেমা হল মোড়ে ওঠার সময় ঢাকা থেকে দ্রুতগামী যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে মজনু মিয়া ও রাব্বি গুরুতর আহত হয়।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজনুকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত রাব্বিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে।
নাটোর থানার ওসি মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দেশের তথ্য ডেস্ক 



















