চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারী উপজেলায় দাদার বাড়িতে ঢাকা থেকে বেড়াতে এসেছিল ৯ বছরের শিশু নূর কাদের মোল্লা। পুকুরে গোসল করতে নেমে একপর্যায়ে ডুবে যাচ্ছিল শিশুটি। বিষয়টি দেখতে পেয়ে নাতিকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন শাহজাহান মোল্লা (৮০)। কিন্তু দুজনের কেউ বেঁচে ফিরতে পারেনি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিবপুর গ্রামে পুকুরে ডুবে দাদা-নাতির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, শিশু নূর কাদের মোল্লা চিতলমারী উপজেলার উত্তর শিবপুর গ্রামের নূর জামানের ছেলে। সে তার দাদা শাহজাহান মোল্লার বাড়িতে বেড়াতে এসেছিল। স্বজন ও স্থানীয় লোকজন দাদা-নাতিকে পুকুর থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকেরা জানান, তারা দুজনই মারা গেছে।
চিতলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল আজকের পত্রিকাকে বলেন, পুকুরে ডুবে দাদা-নাতির মৃত্যুর ঘটনায় তাদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
দেশের তথ্য ডেস্ক 



















